একুশে পদক পাচ্ছেন শিল্পাঙ্গনের ববিতা-বাচ্চুসহ ৫ শিল্পী ও ১ ব্যান্ড

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকপ্রাপ্তদের তালিকা। চলতি বছর এ তালিকায় সর্বমোট ৯ জন ও একটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এরমধ্যে শোবিজেরই রয়েছে ৪ উজ্জ্বল নক্ষত্রের নাম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের তথ্য জানান। তিনি বলেন, শিল্পকলা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতেই এ পদক প্রদান করা হচ্ছে।

শোবিজ দুনিয়ায় চলচ্চিত্রে অবদানের জন্য এবার একুশে পদক পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা। সংগীতে বিশেষ অবদানের জন্য প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুও পাচ্ছেন একুশে পদক সম্মাননা।

নৃত্যে বিশেষ অবদানের জন্য অর্থি আহমেদ পাচ্ছেন এবারের একুশে পদক। সংগীত দুনিয়ার জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেইজেরও নাম আছে চলতি বছরের একুশে পদকপ্রাপ্তদের তালিকায়।

শোবিজ দুনিয়ার উল্লিখিত ৪ নক্ষত্র ছাড়া এ বছর আরও যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) ও তেজস হালদার যস (ভাস্কর্য)।

গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক–২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক ও পদকপ্রাপ্ত বিশিষ্টজনদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব জমা নেয়া হয়। যাচাই–বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, রাজনীতি ও সাহিত্যসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একুশে পদক প্রদান করা হয়। গুণীজনদের সম্মাননার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যেই প্রতি বছর দেয়া হয় রাষ্ট্রীয় এই স্বীকৃতি।