তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশে বিপুলসংখ্যক নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মেয়র বলেন, তথ্য যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। গুজব ও অপপ্রচার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের জেলা পরিষদ অডিটরিয়ামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের আয়োজনে সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এর সভাপতিত্ব

‘তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ’ শীর্ষক রাউন্ড টেবিল এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় তরুণদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বারোপ করা হয়।

ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত রাউন্ড টেবিল আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ১৫০ জন শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও তরুণ নেতৃত্ব মিলিয়ে মোট ২৪ জন বক্তা অংশগ্রহণ করেন। বক্তাদের নির্বাচন করা হয় শাসন ও জনসেবা, শিক্ষা ও একাডেমিয়া, আইন ও বিচার বিভাগ এবং গণমাধ্যম ও সাংবাদিকতা—এই চারটি ক্যাটাগরির ভিত্তিতে।

আলোচনায় বর্তমান ও ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ডিপফেক, ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রভাব নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক শিবলী আল সাদিক। বক্তারা বলেন, সঠিক তথ্য ও সচেতন অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

আয়োজকরা জানান, এই রাউন্ড টেবিল আলোচনার মূল লক্ষ্য ছিল তরুণ সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা এবং একটি দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখা।