বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিককে ছাড়তে প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।
রোববার (৫ জুলাই) সকালে রাবার বাগানের মালিক কাওছার কাছে মুঠোফোনে এসব অর্থ দাবি করেন দুর্বৃত্তরা। তবে কে বার কারা জড়িত সেটির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও বাগানের মালিক জানিয়েছে, রাবার বাগান থেকে অপহরণের পর স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে খুঁজতে থাকে। গতকাল রাত পর্যন্ত অভিযান চালিয়েও শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। ভোর সকালে অজ্ঞাত এক ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করলে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করেন। এরপরই তাদেরকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে অপহরণকারীরা।
বাগানের মালিক কাওছার বলেন, ‘সকালে মুঠোফোনে অপহরণকারীরা যোগাযোগ করেছে আর মুক্তিপণ হিসেবে ১ লাখ ৮০ হাজার চেয়েছে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’
বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপহরণকারীরা শ্রমিকদের আশেপাশে রেখেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আর মুক্তিপন হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করেছে বলে মালিক জানিয়েছে। তবে আমাদের উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে।’
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) রাতে সাড়ে নয়টায় বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিক অপহরণের শিকার হন।












