খাগড়াছড়িতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামীর মৃত্যুদণ্ড

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রামগর উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হয়েছে। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত রায় দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এত দ্রুত রায় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে এবং ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।’