শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে শঙ্কা রয়েছে ভয়ংকর বজ্রপাতের। আগামী ১২ বা ১৩ মে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়। দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি জানিয়েছে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে।
বলা হয়েছে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।












