হাটহাজারীতে ৬ বসতঘর আগুনে পুড়ে ছাই

শফিউল আলম, রাউজান, প্রিয় চট্টগ্রাম: হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়ীতে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ৬টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। স্থানীয় সূত্রে জানা যায়, ১ জুলাই (বুধবার) দুপুর আনুমানিক ১টার দিকে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো.এমরান, মো.মামুন, মো.শহিদ, মো.নজরুল, মো.রিয়াদ ও আসিফ।ক্ষতিগ্রস্ত পরিবারের এমরান ও শহিদ দাবি করে বলেন, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, কাপড়, নগদ অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তাদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অগ্নিকান্ড কিভাবে ঘটেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে। তবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের টিম ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬টি টিনসেট বসতঘর পুড়ে যায়।এদিকে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। এলাকাবাসীও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।