চাঁদের গাড়ি চাকা ভেঙ্গে সিএনজিকে ধাক্কা: শিশুর মৃত্যু, গুরুতর আহত ৬

চট্টগ্রামের রাউজানে অসুস্থ নানীকে দেখতে গিয়ে ইমরান হোসেন নামে দেড় বছরের ছেলেকে হারালেন এক মা। বুধবার বিকেল সাড়ে ৩টায় রাউজান-নোয়াপাড়া সড়কের বিনাজুরি এলাকায় চাঁদের গাড়ির (চট্টগ্রাম-গ-৭৭৭৭)’র সামনের চাকা ভেঙ্গে পাশের সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১২-৮১৯৩) সাথে সংঘর্ষ হলে একই পরিবারের নিহত শিশুসহ ছয় সদস্য ও চালক গুরুতর আহত হন।খবর নিউজ চট্টগ্রামের

আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক শিশু ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান হাটহাজারী উপজেলার ফতেহপুরের মেহের নগর এলাকার গুরা মিয়ার বাড়ির আকবর আলীর ছেলে। জানা যায়, শিশু ইমরানের মা জিন্নাত নানুর অসুস্থতার খবর শুনে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডস্থ বাপের বাড়িতে এসে তার স্বামী আকবর হোসেন (৩৫), মা খুরশিদা বেগম (৫০), বোন নিপা (১৬), ভাই জিহাদ (১৭) ও নিহত শিশু ইমরান হোসেনকে নিয়ে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামস্থ নানুর বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনিজ অটোরিকশা চালক চিকদাইর ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. জামশেদও গুরুতর আহত হয়েছেন। আহত ৬জন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। নিহতের আত্মীয় মো. শফিউল আজম বলেন, সিএনজি চালক এবং আমার জেঠাত ভাইয়ের পরিবারের ৫জন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এরই মধ্যে চালক জামশেদ লাইভ সাপোর্টে। আমার আত্মীয়রা কেউ, মাথায়, কেউ মুখেসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, চাঁদের গাড়ির সামনের এক্সেল ভেঙ্গে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও ৬জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে। ্গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।