রাঙ্গামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন বেনসন চাকমা। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বেনসন চাকমার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।












