টানা বৃষ্টিতে বাঘাইছড়িতে গাছের গুঁড়ি পড়ে ষাটোর্দ্ধ বৃদ্ধ নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের ওপর থেকে গাছের গুঁড়ি পড়ে লক্ষ্মী বিলাস চাকমা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি নালা কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ পাহাড়ের ওপর থেকে একটি গাছের গুঁড়ি গড়িয়ে এসে তার ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই লক্ষ্মী বিলাস চাকমার মৃত্যু হয়।

‎বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা পাহাড়ের পাদদেশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ের ঢালে বা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়েছেন।