ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি

চসিক নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রতারণা এবং নির্বাচনী ফলাফলের নির্ধারিত প্রিন্টেট কপির পরিবর্তে সাদা কাগজের মাধ্যেমে নিজেদের ইচ্ছেমত ফলাফল লিখে নৌকার প্রার্থীকে অস্বাভাবিক ভোট দেখিয়ে বিজয় ঘোষণা করায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা করার ঘোষণা দিয়েছেন সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

নির্বাচন শেষ হওয়ার চারদিনের মাথায় আজ রবিবার (৩১ জানুয়ারী) দুপুর দেড়টায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচন চলাকালে আমরা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রতিঘন্টা ভোটের আপডেট চেয়েছিলাম। তারা দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচন চলাঅবস্থায় আমি নিজেই ইসি অফিসে দুইবার গিয়েছি। ভোটের হিসেব প্রিন্টেড কপি চেয়েছিলাম কিন্তু তারা আমাদের সাদা কাগজে সাজানো কপি দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি। জালিয়াতি করে আমার ৪ থেকে ৫ শতাংশ ভোট তারা কেড়ে নিয়েছে। সুনির্দিষ্ট এই তিন কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।