সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া মানুষের খোঁজখবর নিতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গত এলাকায় ছুটে গেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি। এ সময় তিনি দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। বুধবার (৮ জুলাই) রাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন তিনি।

মোঃ আলমগীর তাজ জনি বলেন, বিএনপি সরকার গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

টানা বৃষ্টিতে ঈদগাঁও নদীর বাঁধ ভাঙ্গার আশঙ্কার কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

শুকনো খাবার বিতরণকালে চেয়ারম্যান জনি আরো বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।












