চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড়ধস, যান চলাচল সাময়িক বন্ধ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড়ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়ক সকাল ৬টা থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, টানা অতিবৃষ্টির কারণে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছপালা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, ‘মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু হালকা যানবাহন বিকল্প হিসেবে ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে।’

স্থানীয়রা দ্রুত সড়ক থেকে ধসে পড়া মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন।