উখিয়ায় ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) র‍্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হওয়া নারী শাকিলা শারমিন রেশমী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি বিশেষ দল হাজিরপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে দৌড়ে পালানোর সময় শাকিলা শারমিন রেশমীকে আটক করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক নারীর বসতঘর এবং ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমী মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।