টেকনাফে টানা জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ-সংলগ্ন সাগরে টানা জালে দেড় শতাধিক তবল (স্থানীয় ভাষায় নাগু) মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ছিল আনুমানিক ১০ থেকে ২৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৬ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহর মাঝির মালিকানাধীন টানা জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, ভোরে প্রায় ৩৫ জন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে নৌঘাটে ফিরে আসেন। পরে দুই দিক থেকে বাঁশ ও রশি দিয়ে জাল টেনে তোলার সময় বড় বড় তবল বা নাগু মাছ আটকা পড়তে দেখা যায়। হঠাৎ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

জালের মালিক এরশাদ উল্লাহ মাঝি বলেন, ভোরে একদল জেলে জাল নিয়ে সাগরে যান। পরে জাল ফেলে তারা টেনে তোলার সময় দেখেন বড় আকারের তবল মাছ ধরা পড়ে। এত মাছ একসঙ্গে জালে আটকে পড়বে কল্পনা করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাস শুরু করেছে।

তিনি আরও জানান, স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর শুক্কুর, রফিকসহ ১০ জন ব্যবসায়ীর কাছে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।