মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার নির্মিতব্য ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এম এম আরিফের যৌথ সঞ্চালনায় এবং সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তাঁর যোগ্য নেতৃত্বে এদেশ অনেকদূর এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মাওলানা নিজাম উদ্দিন ছাদেকী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই থানা যুবদলের সমন্নয়ক হারুন উর রশিদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, শিক্ষক একরামুল হক, হাফেজ খায়রুজ্জামান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা, শহিদুল আলম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন নতুন ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।












