রাউজানে অভিযানে ৪ ভেকু জব্দ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

শফিউল আলম, রাউজান: রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড়, টিলা ও কৃষিজমি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।এ সময় উপজেলার সদর ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এবং ৩ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরীসহ পৃথক ৬টি স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু জব্দ করা হয় এবং চার মাটিখেকোকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাউজানের বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল একটি মাটিখেকো চক্র। তারা দিনে আত্মগোপনে থাকলেও রাত নামলেই পাহাড় ও কৃষিজমি কেটে মাটি উত্তোলন শুরু করে এবং ভোর হওয়ার আগেই কার্যক্রম বন্ধ করে দেয়। এতে ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি মাটি পরিবহনের সময় ট্রাক থেকে সড়কে মাটি পড়ে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এসব অনিয়ম রোধে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন,“যারা পাহাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রি করে চাষযোগ্য ফসলি জমি উজাড় করে ফেলছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক ৬টি স্থানে অভিযান চালিয়ে মাটি কর্তনরত ৪টি ভেকু জব্দ করা হয় এবং ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাটিখেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”