চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, যে গণতান্ত্রিক চেতনা নিয়ে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনা আজ ভূলুণ্ঠিত। ভোটের অধিকারসহ গোটা জাতি আজ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে গত তিন বছর বন্দি করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে খালেদা জিয়াসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি। অমর একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির মিছিল শেষে রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর মহিলাদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। একুশের ভাষা শহিদ, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধাসহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলী চৌধুরী বলেন, আমরা মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অমর একুশের চেতনা সহায়ক ভূমিকা পালন করবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের ফারহানা জসীম, রানী বেগম, জোহরা বেগম, হাবিবা সুলতানা, পারভিন আকতার ফারহানা, রিনা বেগম, ফরিদা ইয়াসমিন, মুক্তা আকতার, রাকিবা আকতার সুমী, লায়লা বেগম প্রমুখ।












