চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান ও দ্য ডেইলি স্টারের প্যানডেমিক হিরো অ্যাওয়ার্ড পাওয়া মোস্তফা ইউসুফকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম শহরে কর্মরত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরের জামালখান সড়কে একুশে পত্রিকা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের আহ্বায়ক ও একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার বলেন, আমি মোস্তফা ইউসুফের একনিষ্ঠ ভক্ত। মোস্তফার সঙ্গে বছর দুয়েক ধরে আমার একসঙ্গে থাকা হয়েছে। কখনো আমি যদি একটু অস্বস্তিতে ভুগি, ভালো সময় কাটানো দরকার, তখন আমি মোস্তফাকে খুঁজি। আমার উদ্দেশ্যে হচ্ছে, রথ দেখা ও কলা বেচা, মোস্তফার কাছ থেকে কিছু শেখা আড্ডার ছলে। আর একটু ভালো সময় কাটানো।
প্রথম আলোর সিনিয়র সহ-সম্পাদক আশরাফ উল্লাহ রুবেল বলেন, সাংবাদিকতায় টিকে থাকতে হলে অনুসন্ধানী প্রতিবেদন থাকতে হবে। মোস্তফা ইউসুফের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অসাধারণ। মোস্তফা ইউসুফকে বাঁচিয়ে রাখবে তার কাজগুলো। এগিয়ে যাওয়ার জন্য এ ধরনের প্রতিবেদনই দরকার। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় মোস্তফা ইউসুফকে আমন্ত্রণ জানানো হয়েছে, লন্ডনের মতো জায়গায় তিনি প্রশিক্ষণ নিতে গিয়েছেন। এই ডাকগুলো হচ্ছে কাজের স্বীকৃতি। মোস্তফা ইউসুফ আরও অনেকদূর এগিয়ে যাবেন।
আলীউর রহমানকে অভিনন্দন জানিয়ে আশরাফ উল্লাহ রুবেল বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন কেমন হয়, সেটা আগে থেকে বোঝা যায় না। এ ধরনের একটি নির্বাচনে জয়ী হয়ে আসা সহজ কাজ নয়। আমি আশা করবো, আলীউর ভাই আগামীতে আরও বড় সাফল্য পাবেন, এগিয়ে যাবেন।
মোস্তফা ইউসুফ বলেন, ২০১৭ সালে সেপ্টেম্বরে ডেইলি স্টারে যখন জয়েন করেছিলাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম, সাংবাদিকতার কাজকে ভালোবাসবো। কাজের প্রতি আন্তরিক থাকব।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের সদস্য বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার তাপস বড়ুয়া রুমু, দৈনিক কর্ণফুলীর চিফ রিপোর্টার এয়াকুব আলী মনি, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রনি দত্ত, ঢাকা টাইমসের ব্যুরো প্রধান হাশেম তালুকদার, সুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, কাকন দেব, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার আবছার রাফি, জোবায়েদ ইবনে শাহাদাত প্রমুখ।












