পঞ্চদশ সংশোধনীর কিছু বিধান বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

এর পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নওগাঁর মো. মোফাজ্জল হোসেন ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয় বাদে পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয় সংসদের ওপর ছেড়ে দেয়ার আবেদন জানিয়ে বুধবার (৮ জুলাই) শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
জামায়াতের পক্ষ থেকে একই রকম আবেদন জানান আইনজীবী শিশির মনির। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর যে সমস্ত বিষয় মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল ও বাকিগুলো সংসদের উপর ছেড়ে দেয়া উচিৎ। তবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া ৯৬ ও ১০২ অনুচ্ছেদ বাদে পুরো পঞ্চদশ সংশোধনীই বাতিলের দাবি জানান।












