বান্দরবানে বন্দুকসহ কেএনএফ সদস্য আটক

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বন্দুকসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জৌথান বম (৫৫) থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরপা পাড়া এলাকার লাল পিয়াম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও এই ঘটনায় আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে (৫৫) শেরকর পাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে আজকে থানচি থানা পুলিশের নিকট তাকে হস্থান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, সেনাবাহিনী একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।