বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ৪ জুলাই

বান্দরবান রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামী শনিবার (৪ জুলাই) অনুষ্টিত হতে যাচ্ছে দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প। এ ক্যাম্পে দেড় থেকে দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আয়োজকরা।

বৃহস্পতিবার (২জুলাই) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং এর মাধ্যম পাড়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন আয়োজক কমিটির সভাপতি উছোমং মারমা লিখিত বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রেইছা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ চিকিৎসা ক্যাম্প।

তিনি জানান, ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হবে। এছাড়া যাদের ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হবে। চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সাধারণ রোগের জন্যও বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করবেন। এ ক্যাম্পে ১০ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকসহ অভিজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডা.মং উষাথোয়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

চিকিৎসা ক্যাম্পটির মূল আয়োজক ৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা। সহযোগিতায় রয়েছেন— রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মার্মা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, টংকাবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ এবং জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেমপ্রু মার্মা।

এছাড়া চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম, মাহাবুব হাসান খান বাবুল, উচথিং মারমা, বিরলাল তঞ্চঙ্গ্যা এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।