মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সুবিধাবঞ্চিত গ্রামীণ বেকার যুবক-যুবতিদের জন্য দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউএনও রায়হানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই ইউএনও বলেন,“বর্তমান সরকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাই সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে।”
দুইমাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার ২০ জন যুবক ও ২০ জন যুবতী মিলে মোট ৪০ জন অংশ নিয়েছে বলে আয়োজক সংশ্লিষ্টরা জানায়। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষক দীন বন্ধু রায় এবং মো. ফরাইজুল ইসলাম।












