কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা সাময়িক ব্যবসা ও অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। একই সঙ্গে বালিয়াড়িতে পরিচালিত সব সাময়িক ব্যবসার কার্ড বাতিল এবং আগামী অর্থবছর থেকে এসব কার্ড আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১-এর আদেশ এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পরিবেশ অধিদফতরের ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৯৪ নম্বর চিঠি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৩৪৪ নম্বর চিঠির নির্দেশনার আলোকে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিচ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সমুদ্রসৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। বর্তমানে ইস্যু করা সাময়িক কার্ডগুলোর মেয়াদ ৩০ জুন ২০২৬-এ শেষ হওয়ার পর ২০২৬–২৭ অর্থবছরের জন্য সেগুলো আর নবায়ন করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে গত ১ জুন ২০২৬ তারিখে ২০৭ নম্বর চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।
এ অবস্থায় বালিয়াড়িতে থাকা সব সাময়িক ব্যবসায়ীকে নিজ দায়িত্বে দোকান ও অন্যান্য স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সমুদ্রসৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি ও পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।












