জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৯৬০ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী ও ২ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ জুন) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার এলাকায় ইলিয়াছ সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুকেশ দাস (২৬) কে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার তপন দাসের ছেলে।

এদিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মেহেদী হাসান প্রকাশ আকাশ (২১) ও মো. সায়েদ শেখ (২২)। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়ের করা মামলার আসামি তারা।

অন্যদিকে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার (২০) ও মো. আব্দুল্লাহ (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।

এছাড়া বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আনোয়ারা বেগম (৫০) ও আলিয়া বেগম (৩৫) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৪৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং এলাকায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।