মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছরা বাজার ও মিরসরাই সদরের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক। মিরসরাই থানা পুলিশ এবং জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, উপজেলার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অতিরিক্ত দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হক ফার্মেসি ১০ হাজার, হাবীব ফার্মেসি ৫ হাজার, নুরজাহান ফার্মেসি ৫ হাজার, ভূঞা ফার্মেসি ৫ হাজার ও ফালগুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময় ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন থাকতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।