সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরের খাটে তার সাত মাস বয়সী শিশু সন্তানকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম পোকখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন আক্তার ওই এলাকার মমতাজ আহমদের ছেলে মিজানুর রহমানের স্ত্রী। তিনি সাত মাস বয়সী এক সন্তানের জননী ছিলেন। তার পৈতৃক বাড়ি পেকুয়া উপজেলার মগনামা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, সকালে দীর্ঘ সময় ধরে ঘরের ভেতর থেকে শাহিন আক্তার ও তার শিশুর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। পরে ইউপি সদস্য সালাহ উদ্দিন প্রতিবেশীদের নিয়ে বাইরে থেকে উঁকি দিয়ে দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহিন আক্তার ঝুলে আছেন। এ সময় পাশে খাটের ওপর তার সাত মাস বয়সী শিশু সন্তান কান্না করছিল।
পরে ইউপি সদস্য বিষয়টি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করলে তিনি আগে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজার ভেতরের ছিটকিনি ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থান থেকে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।












