বাঁশখালীতে আড়াই কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার কাথরিয়া ইউনিয়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে গোয়াজ চৌধুরী সড়ক, ৬৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাগমারা খলিল আহমেদ সড়ক, এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে চাম্বল ডেপুটিঘোনা সড়কের কার্পেটিংয়ের কাজ শেষে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। এসময় তিনি বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টি রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ কাথরিয়া ও চাম্বলে তিনটি সড়কের উদ্বোধন করা হচ্ছে। আমরা ন্যায়, ইনসাফ, স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কাজ করতে চাই। আমরা দল, মত, নির্বিশেষে সকলের হয়ে দায়িত্ব পালন করতে চাই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করবেন। তারা দুইজনের পারষ্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মর্তুজ আলী, ব্যবসায়ী রায়হানুল ইসলাম চৌধুরী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল জলিল মানিক, কাথরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল কবির, ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।












