চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলায় ৭৭ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৭ মে) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসাপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
হামের চিকিৎসায় হাসপাতালে সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছে। হাম রোগীদের জন্য আলাদা ইউনিটও করা হয়েছে।
উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শও দেন তিনি।
এদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৭৭ জন।
এর মধ্যে মহানগরে ৭২ জন এবং ১৫ উপজেলায় ৫ জন চিকিৎসাধীন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৩ জন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৫৩ জন। একই প্রতিবেদনে বলা হয়, সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ৬ জন ও উপজেলায় ৩ জন মারা গেছেন।
অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৯১টি নমুনা।
চিকিৎসকরা জানান, আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হচ্ছে। রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাচ্ছে সেটি হাম কিনা। তবে উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় চাপ বাড়ছে শিশু স্বাস্থ্য বিভাগে।
তারা বলছেন, জ্বর, শরীরে লালচে র্যাশ, চোখ লাল হওয়া, কাশি কিংবা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া দরকার।












