শামসু উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ হামিদ (৩৯), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা এবং আব্দুল জব্বরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় একটি সন্দেহজনক সিএনজি থামানোর সংকেত দেওয়া হয়। সিএনজিটি হ্নীলা থেকে কক্সবাজারগামী ছিল। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা ব্লকার ব্যবহার করে যানটি থামাতে সক্ষম হন।

পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের ভেতর থেকে একটি ৯ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় চালক মোহাম্মদ হামিদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ স্বীকার করেন, তিনি এক পরিচিত রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তা বহন করছিলেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অস্ত্র ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












