কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি
চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়ায় শ্বশানের পাশে পড়ে থাকা অবস্থায় সদ্য প্রসুত এক নবজাতক কন্যা শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে গত শুক্রবার (১৮ এপ্রিল)। থানার আওতাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক হিন্দুপাড়া শ্বশ্মানের পাশে পাওয়া গেছে রক্ত মাখা অবস্থায় এই নবজাতক শিশুটিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সন্ধ্যা রানী নাথ নামে একজন মহিলা শ্বশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পায়। পরে তিনি নিজেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে। তিনি বলেন, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধ্যা রাণীর কাছে রয়েছে। তারা শিশুটির পরিচর্যা করছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। এভাবে একটি নবজাতক শিশু শ্বশানের পাশে পড়ে থাকা অবস্থায় বড় ধরনের বিপদ হতে পারতো। তবে সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত নবজাতক শিশুটির মা বাবার কোন খোঁজ পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে যারা উদ্ধার করেছে তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি রাজস্থলী ইউএনওকে অবগত করা হয়েছে। এছাড়া শিশুটির মা বাবার খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।












