আবারো কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ধারাবাহিক ঘটনা উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপরা-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার সামুদ্রিক প্রাণীর এভাবে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।

পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটি মাটি চাপা দেন।