চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের ‘কিং কোবরা’ সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট দৈর্ঘ্যের ‘কিং কোবরা’ প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)।

রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

থ্রিএসএ সূত্রে জানা যায়, সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন।

পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটি নিরাপদে উদ্ধার করে। উদ্ধার হওয়া ‘কিং কোবরা’ সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৬ কেজি। বর্তমানে সাপের লোকালয়ে চলে আসার ব্যাপারে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার ‘কিং কোবরা’ দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে, যেখানে চাষাবাদসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চলছে।

এর ফলে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে এবং তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।’
প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরো একটি কিং কোবরা উদ্ধার করা হয়।