৮ কেজি ২০০ গ্রাম ওজনের এক চিতল ১২ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি চিতল মাছ ১২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে আট কেজি ২০০ গ্রাম ওজনের চিতলটি বিক্রি করেন উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে বাঁশি হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, জেলে চাঁদ হালদারের কাছ থেকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে আট কেজি ২০০ গ্রাম ওজনের ওই চিতল মাছটি আমি কিনে নিই।

পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক ব্যক্তির কাছে চিতলটি ১২ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি।