বিসিবির দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অভিনন্দন জানিয়ে শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জল করবে।’

নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি।
এই অ্যাডহক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আরও আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।












