ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনে ৮ এপ্রিল বুধবার বিকেলে বাজার ও বাস স্টেশনে জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান চালানো হয়।

তবে অভিযান নিয়ে স্থানীয় বাজার বাসিদের মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র দু’ একটি দোকানকে টার্গেট করে অভিযান চালানো হলও অনেক দোকান এ এ্যকশন থেকে বাদ পড়ে গেছে বলে অভিযোগ সচেতন মহলের। বাজার এবং স্টেশন এলাকায় পলিথিন ও তৎ সংশ্লিষ্ট সামগ্রীর ডজনাধিক দোকান থাকলেও কয়েকটি দোকানকে বারবার কেন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে তা বাজারবাসীদের বুঝে আসছে না।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েমের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে বাজারের ডিসি রোডের হাইস্কুল গেট এলাকার মেসার্স জামান পলিথিন স্টোর থেকে প্রায় ৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধ-লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান দোকানটির মালিক।

এছাড়া দোকানটিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) ধারা মতে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশনা দেন অভিযানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সচেতন রাজারবাসী বলেছেন, সরকার পলিথিন উৎপাদনের কারখানা বন্ধ না করে বিপণনের সাথে সংশ্লিষ্ট দোকানগুলোতে বারবার জরিমানা করছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যবসায়িক, সামাজিক, মানসিক ও আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযান কালে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের আব্দুল লতিফ জনিসহ ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত ছিলেন।