চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৯.৩০টায় উপাচার্য দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আইসিটি সেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অফিস। শিক্ষার্থীদের সেবা সংশ্লিষ্ট অনেক কার্যক্রম এ অফিসের মাধ্যমে হয়। এজন্য এ অফিসের সদস্যদের সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অফিসে কাজের প্রতি যত্নবান এবং সেবার মান বৃদ্ধি করতে হবে। সময় মতো অফিসে আগমন ও প্রস্থানের বিষয়ে মাননীয় উপাচার্য নির্দেশ দেন।
এসময় মাননীয় উপাচার্য আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালক, প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন এবং দায়িত্ব সম্পর্কে অবহিত হন। মাননীয় উপাচার্য আইসিটি সেলের কাজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর সেই অনুযায়ী মাননীয় উপাচার্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম, সিট বন্টন, ইন্টারনেট সেবা, ই-মেইল ও ওয়েবসাইট সেবাসহ যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন মাননীয় উপাচার্য। এছাড়া সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলাপ-আলোচনা করেন। মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সকলে মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া দায়িত্বশীলতার সঙ্গে সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, সিনিয়র ইন্সট্রাক্টর (ডেপুটি রেজিস্ট্রার) মোহাম্মদ ফোরকান, সিনিয়র কম্পিউটার প্রকৌশলী এস.এম আহসানুল করিম শিমুল, কম্পিউটার প্রোগ্রামার গোলাম মোস্তফা, ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এ.কে.এম রিয়াজুল কবির (রবিন) ও সহকারী রেজিস্ট্রার মো. সালাউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী মাননীয় উপাচার্যকে সময় দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।












