বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে জেলের বড়শিতে ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহড়াবাড়ী গ্রামের মাঝি রঞ্জুন চৌধুরী তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও যমুনা নদীতে মাছ ধরতে যান। সকাল প্রায় সাড়ে ৯টার দিকে তাদের হাজারি বড়শিতে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে মাছটি নদীর ঘাটে নিয়ে আসা হয়।
এত বড় মাছ ধরা পড়ার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে নদীর ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের দেখানোর জন্য প্রায় এক ঘণ্টা মাছটি দড়ি দিয়ে পানির মধ্যে বেঁধে রাখা হয়। পরে পাশের চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা একত্র হয়ে মাছটি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকায় কিনে নেন। এরপর মাছটি কেটে এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমার জীবনে যমুনা নদীতে এত বড় বাগাড় মাছ ধরা পড়তে খুব কমই দেখেছি। খবর পেয়ে অনেক মানুষ মাছটি দেখতে নদীর ঘাটে ভিড় করেন।
স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল বলেন, দীর্ঘদিন পর যমুনা নদীতে এত বড় আকারের মাছ ধরা পড়েছে বলে শুনলাম। বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
মাছটির ক্রেতা হাবিজার রহমান বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই আমরা কয়েকজন মিলে মাছটি কিনেছি এবং পরে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দিয়েছি।












