লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য বিভাগের সুখবরের দিনটি গেল মঙ্গলবার। অবশেষে স্বস্তির নি:শ্বাস এলো স্বাস্থ্য কর্মীদের চোখেমুখে। এতোদিন চরম অস্থিরতা ও আতংকে কাটছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সকল স্বাস্থ্যকর্মীরা। দেশের করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসছিলেন তাঁরা। করোনার সেবা দিতে গিয়ে করোনাতেই আক্রান্ত হলেন একযোগে ২৩ স্বাস্থ্য কর্মী। অবশেষে মঙ্গলবার (১২ মে) রাতে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ২৩ স্বাস্থ্য কর্মীর করোনা নেগেটিভ এলে তাঁরা সবাই স্বস্তি ফিরে পান। কেটে যায় আতংক এবং পরিবার-পরিজনের দু:চিন্তা। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ২৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ। এরা সবাই স্বাস্থ্য কর্মী। বাকী ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ।
মঙ্গলবার রাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডাঃ মোহাম্মদ হানিফ জানান, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহাতীতভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ২৩ স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি’তে পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে পাঠানো রিপোর্টে সবার করোনা পজেটিভ আসে। এ নিয়ে আমরা সবাই উদ্ধিগ্ন হয়ে পড়লে বিষয়টি সিভিল সার্জন মহোদয়ের সিদ্ধান্তক্রমে গত ১০ মে পুনরায় ২৭ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠায়। আল্লাহর অশেষ রহমতে মঙ্গলবার রাতে সেখান থেকে পাঠানো রিপোর্টে ২৩ স্বাস্থ্য কর্মীরই করোনা নেগেটিভ আসে। বাকি ৪ জনের পজেটিভ আসে।
তিনি আরো জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে করোনা পরীক্ষার রিপোর্ট সন্দেহ হলে আমরা কক্সবাজার মেডিকেল ল্যাবে ২৩ স্বাস্থ্য কর্মীর নমুনা পাঠাই। যারা তাদের সংস্পর্শে ছিল এদের রিপোর্টও করোনা নেগেটিভ। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের রিপোর্টই আমাদের সবাইকে স্বস্তি ফিরিয়ে দিলো।












