নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে এজবাস্টনে হওয়া প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। ১৪০ রানের জয়ের লক্ষ্য নিজেদের ইনিংসের শেষ ওভারে ছুঁয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ১৪১ রান করেছেন জ্যোতিরা।
ম্যাচ জয়ের কৃতিত্ব অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও ব্যাটার শারমিন সুপ্তার। দুজনের ৫৬ রানের জুটিতে কঠিন হয়ে পড়া ম্যাচে জয় এসেছে। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করেন। ২০তম ওভারের প্রথম বলে স্বর্ণার ব্যাট থেকে আসা চারে জয় নিশ্চিত হয়।

শুরুতে জুয়াইরিয়া ফেরদৌসের ভালো ব্যাটিং বাংলাদেশকে পঞ্চাশ রানের ওপেনিং জুটি এনে দেয়। ২৬ রানে দিলারা আক্তার ফিরলেও জুয়াইরিয়া ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে ম্যাচ সেরা হন।
পরে নিগার সুলতানা ০ ও সোবহানা মোস্তারি ৪ রানে ফিরলে বিপক্ষে পড়ে বাংলাদেশ। ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর অবশ্য আর বিপদ হয়নি বাংলাদেশের ইনিংসে। বোলিংয়ে মারুফার ২ উইকেট ও ফারিহা, সানজিদা, রাবেয়া এবং রিতু মনি একটি করে উইকেট নেন।
বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস জাগানিয়া এ জয় বিশ্বকাপের বাকি ম্যাচে নারী ক্রিকেটারদের মনে সাহস জোগাবে। এই আসরের শুরুতে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। তবে মুখোমুখি হওয়া দ্বিতীয় ম্যাচে জয় পান জ্যোতিরা। এবার মূল আসরের ম্যাচেও জিতল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর : নেদারল্যান্ডস ১৩৯/৮ (২০ ওভার),অধিনায়ক বাবেট ডি লিড করেন ৪৫ বলে ৫০ রান। বাংলাদেশের হয়ে মারুফা নেন সর্বোচ্চ ২ উইকেট এবং ফারিহা,সানজিদা,রাবেয়া ও রিতু নেন ১টি করে উইকেট।
বাংলাদেশ ১৪১/৪ (১৯.১ ওভার), জুয়াইরিয়া করেন ৩৩ বলে ৫০ রান এবং শার্মিন করেন ৩২ বলে ৩৭ রান , নেদারল্যান্ডসের হয়ে জিলিং, সিগার্স, ইসাবেল এবং কারোলাইন ১টি করে উইকেট নেন।












