মির্জা ইমতিয়াজ:: মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম ব্যাচের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের পর নগরীর মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে সিরাজুল ইসলামের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী চবি অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
৬২ এর ছাত্র আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থানের তিনি সক্রিয় ছাত্রনেতার দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
ইঞ্জিনিয়ার মোশাররফের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এক শোক বার্তায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ৬০ দশকের ছাত্র আন্দোলনে তাঁর অগ্রণী ভ’মিকার স্মরণ করে তিনি বলেন , সিরাজুল ইসলাম চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত ও বঙ্গবন্ধুর প্রশ্নে আমৃত্যু আপোষহীন ছিলেন । তিনি জীবনে কখনো নীতি আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি আদর্শিক রাজনীতির অনন্য উদাহরণ। তাঁর জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি নতুন প্রজম্মের রাজনীতিকদের আহবান জানিয়েছেন
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শোক
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এক যুক্ত বিবৃতিতে, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।












