চীনের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকেই বিশ্বজুড়ে মহামারি ছড়িয়েছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে উহান ইনস্টিটিউট ফর ভাইরোলজি। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে অনুসন্ধান চালানো আন্তর্জাতিক গবেষক দল উহানের ওই গবেষণা কেন্দ্রটি পর্যবেক্ষণ করার পর এ দাবি করলো তারা। স্কাই নিউজ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা গত বুধবার চীনের উহান ইনস্টিটিউট ফর ভাইরোলজি পরিদর্শন করেন।
ভাইরাস গবেষণা কেন্দ্রটিতে অতীতে করোনাভাইরাস নিয়ে গবেষণা হয়েছে। এরপর ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পরতে শুরু করলে অভিযোগ ওঠে চীনের ওই গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রথমদিকে করোনায় আক্রান্ত হওয়াদের সঙ্গে উহানের একটি বাজারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এরপরই অনেককেই প্রশ্ন তুলতে দেখা যায় উহানের এই ভাইরাস গবেষণা কেন্দ্রের দিকে। চীন প্রথম থেকেই এমন দাবি অস্বীকার করে আসছে।
দেশটি উল্টো দাবি করে, এই ভাইরাসের উৎপত্তি চীনের বাইরে অন্য কোনো দেশে।
উহানের ওই ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দলের সাম্প্রতিক পরিদর্শন শেষে একটি বিবৃতি প্রদান করা হয়। এতে উহান ইনস্টিটিউট ফর ভাইরোলজি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় একসঙ্গে কাজ করে যাবে। গত কয়েক বছরে করোনাভাইরাস নিয়ে গবেষণায় চীন যে অগ্রগতি অর্জন করেছে তা দেখানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটিকে। করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হতে হলে বিশ্বজুড়ে গবেষকদের যৌথ প্রচেষ্টা এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে জানিয়েছে উহান ল্যাব।
উহান ন্যাশনাল বায়ো-সেফটি ল্যাবরোটরির পরিচালক ইয়ুয়ান ঝিমিং বলেন, তারা নিরাপত্তা নিশ্চিত করেই বছরে পর বছর ধরে গবেষণা পরিচালনা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত ভাইরাস বাইরে ছড়িয়ে পরার মতো কোনো দূর্ঘটনা ঘটেনি। উহান ইনস্টিটিউট ফর ভাইরোলজির পরিচালক ওয়াং ইয়ানয়ি বলেন, তারা ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করে যাবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটিও চীনের গবেষণাগার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে। গবেষক দলের সদস্য পিটার ডাসজাক বলেন, সেখানে চীনা গবেষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। একদম খোলামেলা আলোচনা হয়েছে। গবেষকরা এখনো মনে করছেন, বাঁদুরের মতো কোনো প্রাণী থেকেই মূলত করোনাভাইরাস মানবদেহে ছড়িয়েছে।












