গণতন্ত্রের সিরিয়াল কিলার এই নির্বাচন কমিশন: ডা. জাফরুল্লাহ

নির্বাচন কমিশনকে গণতন্ত্রের সিরিয়াল কিলার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলাররা নিরাপদে ঘুরে বেড়াবে এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? সিরিয়াল কিলারদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনতে হবে। দেশের ৪২জন সিনিয়র সিটিজেন পরিস্কারভাবে দেখিয়েছেন, নির্বাচন কমিশন কিভাবে গণতন্ত্রকে হত্যা করেছে। আর তারা কিভাবে দূর্নীতিতে নিমজ্জিত।
তিনি বলেন, আজকে আমরা দেখছি এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে সরকার। যেই সরকার নির্বাচিত নয়। রাতের আঁধারে তারা আমলাদের দ্বারা প্রতিষ্ঠিত।
পুলিশের দ্বারা প্রতিষ্ঠিত। তাদের চুরি, ডাকাতি পৃথিবীর অনন্য ইতিহাস। এরকম চুরির ইতিহাস আর কোথাও নেই। এসব বিষয় প্রত্যেকেই জানে। কিন্তু নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে।
জাফরুল্লাহ আরও বলেন, মাহবুব সাহেব (নির্বাচন কমিশনার) ভালো কথা বলেছেন। কিন্তু উনি পদত্যাগ করছেন না কেন? এই নির্বাচন কমিশনে উনি থেকে লাভ কি? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহবান করছি পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কন্ঠস্বর আছে।
আয়োজিত সংগঠনের আহ্বায়ক সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনস্বাস্থের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বাংলাদেশ গণমুক্তি পাটির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন প্রমূখ।