কক্সবাজারের টেকনাফে চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত কলেজছাত্র হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোকতার আহমদের ছেলে শফি উল্লাহ (২২)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। আমি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন।
শনিবার (৪ জুলাই) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে থেকে ওঁৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত যাতায়াতের পথের জায়গা বিরোধের জেরে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












