পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৩৫ কেজির এক কাতল মাছ

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের এক কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়।

রোববার (৫ জুলাই) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জেলে জমির হালদারের বরাতে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, জেলে জমির হালদার তার দল নিয়ে শেষ রাতে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছের দেখা পান না। ভোরের দিকে কলাবাগান এলাকায় জাল ফেললে সেখান থেকে জালে বড় আকারের কাতল মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন মাছটি ৩৫ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় কিনে নিই। পরে মুঠোফোনে যোগাযোগ করে খুলনার এক ক্রেতার কাছে ২ হাজার ১শ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।