চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগী হৃদয় ও রাজু’র সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।












