কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুপেয় পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ​রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।

​প্রতিনিধি দলটি প্রথমে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় যায়। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা তাদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এই প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং বিভিন্ন দিক হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

​পরবর্তীতে প্রতিনিধি দল ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেবতাছড়ি পাড়া এলাকায় যান। সেখানে সৌর বিদ্যুতের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের পানির কষ্ট লাঘবে এই প্রযুক্তি কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখেন হাইকমিশনার।

​পরিদর্শনকালে হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনারের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা।

পরিদর্শন শেষে হাইকমিশনার অজিত সিংহ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কানাডা সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।