‘ফিউচার স্টারস’ নামে মাঠে ফিরল বল বয় সংস্কৃতি

মির্জা ইমতিয়াজ শাওন: বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এক ভিন্ন চিত্র চোখে পড়েছে দর্শকদের। মাঠে দেখা গেছে একঝাঁক তরুণ বল বয়, যারা এখন থেকে পরিচিত হবে ‘ফিউচার স্টারস’ নামে।

এই উদ্যোগটি এসেছে বিসিবি সভাপতি তামিম ইকবাল-এর ব্যক্তিগত আগ্রহ থেকেই। তার ইচ্ছাতেই আবার মাঠে ফিরল বল বয় সংস্কৃতি, যা একসময় ক্রিকেটের পরিচিত অংশ ছিল।

তবে এবার শুধু নামেই নয়, ধারণাতেও এসেছে পরিবর্তন। ‘ফিউচার স্টারস’ নামকরণের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ ক্রিকেটার হিসেবে অনুপ্রাণিত করার লক্ষ্যই সামনে রাখা হয়েছে। এতে করে মাঠের কাছাকাছি থেকে খেলা দেখার সুযোগ পাবে নতুন প্রজন্ম, যা তাদের ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বাড়াবে।

ক্রিকেটাঙ্গনে এই উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ ভবিষ্যতের তারকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।