মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজনে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠানের প্রধান বক্তা মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “একজন সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটি ছিল কণ্টকাকীর্ণ সংগ্রামের। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।”
আলোকচিত্র প্রদর্শনীতে একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির অগ্রভাগে এসে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী জীবন ও রাজনৈতিক পথচলার নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এতে তাঁর পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনের পাশাপাশি জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক একটি বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে।
জাসাস নেত্রী নাজমা সাইদ ও নাজনীন আকতার নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নির্বাহী সদস্য অরণ্য পাশা, চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক দৌস্ত মোহাম্মদ, সৈয়দ জিয়াউদ্দীন, মো. মহিউদ্দিন, জাহেদ কায়সার, রাসেল মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী।












