পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মিজানুর রহমানের সঙ্গে হিজরি নববর্ষ উদ্যাপন

আসন্ন হিজরি নববর্ষ ১৪৪৪ বরণ উপলক্ষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। আজ ২৪ জুলাই রবিবার নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ সুফী মোহাম্মদ মিজানুর রহমানের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম। মতবিনিময়কালে আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হিজরি সন অতীব মহিমান্বিত একটি বর্ষপঞ্জি। এই হিজরি সন ও তারিখ মেনে মুসলমানদের প্রাত্যহিক জীবনধারা পরিচালিত হয়। তাই হিজরি নববর্ষ বরণের উৎসবে শামিল থাকা প্রয়োজন। তিনি আগামী ৩১ জুলাই রবিবার হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় হিজরি নববর্ষ ১৪৪৪ বরণ অনুষ্ঠানে সবার অংশগ্রহণ কামনা করেন। সুফী মিজান বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি চট্টগ্রাম থেকে হিজরি নববর্ষ বরণ সূচনার জন্য পরিষদ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।