চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাবের সভাপতি শহীদ

ঢাকায় বসবাসরত চট্টগ্রামের সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকারদের সংগঠন চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে। সৈয়দ শহীদুল ইসলাম শহীদকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার এই আয়োজনে ভার্চ্যুয়াল উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শহীদ মাহমুদ জঙ্গী, কুমার বিশ্বজিৎ, নকীব খান ও ফোয়াদ নাসের বাবু। শহীদ বলেন, আমাদের সংগীতাঙ্গনের অনেকেরই নিবাস চট্টগ্রামে। ঢাকামুখী হওয়ার পরও চট্টগ্রামের সংগীতশিল্পী আর কলাকুশলীদের সবার সঙ্গে সবার যেন একটা নিয়মিত যোগাযোগ থাকে, তাই এমন একটি ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করেন আমাদের সিনিয়রা। সামনে আমরা যেন ঢাকার বুকে চট্টগ্রামের সংগীতের মানুষদের এই শক্ত প্ল্যাটফর্ম কার্যকর রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। ইনাম এলাহি টন্টির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের গঠনতন্ত্র অনুমোদনসহ আগামী ২০২০-২০২১ সালের দুই বছরের জন্য ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাবের অন্য কার্যকরী কমিটির সদস্যরা হলেন ইনাম এলাহি টন্টি ও সুমন কল্যাণ (সহসভাপতি), মারুফ হাসান রিয়েল ও মইনুদ্দিন রাশেদ (যুগ্ম সাধারণ সম্পাদক), এহতেশাম সাইমুম (অর্থ সম্পাদক), মোসলেহ উদ্দিন (সহ–অর্থ সম্পাদক), জিয়াউদ্দিন সায়মন (সাংগঠনিক সম্পাদক), শাহদাত উসমান (সহ–সাংগঠনিক সম্পাদক) ইকবাল আহমেদ (দপ্তর সম্পাদক), নয়ন বিশ্বাস (সহ–দপ্তর সম্পাদক), সাব্বির জামান (সাংস্কৃতিক সম্পাদক), আমজাদ হোসেন বাপ্পি (প্রচার সম্পাদক), কামরুল কায়েস ( তথ্য উন্নয়ন ও বাস্তবায়ন সম্পাদক), সাইফুদ্দিন ইমন (আইন সম্পাদক), মৃত্যুঞ্জয় সেতু (সমাজকল্যাণ সম্পাদক), সামিউল মুমিত সামি (আপ্যায়ন সম্পাদক)। আর সদস্যরা হলেন কিশোর দাস, হাসান বাবু, রাসেল হক, হোসেন আরিফ, রাকিবুল ইভান, আরিফ মইনুদ্দিন, ফাইয়াজ সাগর, পলি শারমীন ও টুটুল বড়ুয়া।